প্রায় আট বছর পর হলিউডে ফিরছেন জনি ডেপ, নতুন সিনেমা ‘এবেনেজার’
দীর্ঘ বিরতির পর হলিউডের মূলধারার বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা জনি ডেপ। চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত নতুন সিনেমা ‘এবেনেজার’-এ অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন টি ওয়েস্ট এবং প্রযোজনা করেছে প্যারামাউন্ট পিকচার্স।
সিনেমাটিতে এবেনেজার স্ক্রুজ নামের এক ধনী কিন্তু কৃপণ ব্যবসায়ীর জীবন তুলে ধরা হয়েছে। বড়দিনের আগে অতীত, বর্তমান ও ভবিষ্যতের তিন অতিপ্রাকৃত আত্মার মুখোমুখি হয়ে নিজের ভুল, নিষ্ঠুরতা ও অর্থের প্রতি অন্ধ আসক্তি উপলব্ধি করতে শুরু করে সে। গল্পটি মূলত অনুশোচনা, মানবিকতা ও আত্মপরিবর্তনের বার্তা দেয়।
আগামী ১৩ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এতে অভিনয়ের জন্য জনি ডেপ পেয়েছেন ৫০ লাখ ডলার। নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি ৮০ লাখ ডলার। মুক্তির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে উল্লেখযোগ্য আয়ের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
২০১৮ সালের ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়াল্ড’ ছিল হলিউডের মূলধারায় ডেপের সর্বশেষ উল্লেখযোগ্য সিনেমা। এরপর ব্যক্তিগত জীবন ও আইনি বিতর্কের কারণে তার ক্যারিয়ারে বিরতি তৈরি হয়। তবে স্বাধীন চলচ্চিত্রে অভিনয় অব্যাহত রেখেছেন তিনি।
২০২৭ সালে পেনেলোপে ক্রুজের সঙ্গে ‘ডে ড্রিংকার’ সিনেমায় দেখা যাওয়ার কথা রয়েছে ডেপের। এ ছাড়া ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের নতুন কিস্তিতে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।





আপনার মতামত লিখুন